লকডাউনের মধ্যে প্রশাসনের নিষেধ উপেক্ষা করে নওগাঁর ধামইরহাট উপজেলায় বিয়ে করতে গিয়ে বিপাকে পড়েছেন এক বর। বিয়ের আসরে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হলে বউ রেখেই পালিয়ে যান তিনি।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার উমার ইউনিয়নের বড়পুকুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন মিয়া কনের বাবা ফেরদৌস হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার বিকেলে বড়পুকুর গ্রামের ফেরদৌস হোসেনের স্কুল পড়ুয়া মেয়ের সঙ্গে ধামইরহাট ইউনিয়নের মইশড় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সৌদি প্রবাসী আবু সাঈদের (৩০) বিয়ের আয়োজন চলছিল। বরপক্ষের আপ্যায়ন শেষে কাজী বিয়ে পড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। বিয়ে বাড়িতে প্রায় দেড় শতাধিক লোক সমবেত হন।
এদিকে বিষয়টির খবর পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন মিয়া ঘটনাস্থলে হাজির হন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে বর আবু সাঈদ ও তার লোকজন বিয়ের আসর থেকে পালিয়ে যান। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবাকে জরিমানা করেন তিনি।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন মিয়া বলেন, ‘আমরা প্রতিনিয়ত করোনাভাইরাস পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে মাঠে সাধারণ মানুষকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করছি। একে তো বাল্যবিয়ে, তার ওপর করোনাভাইরাস পরিস্থিতিতে জনসমাগমের নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন করা হয়েছে। এ ধরনের বিয়ের আয়োজন বন্ধে প্রশাসনকে খবর দিয়ে স্থানীয় জনগণ প্রশংসনীয় কাজ করেছে।’
প্রসঙ্গত, গত বুধবার নওগাঁ জেলাকে লকডাউন ঘোষণা করে প্রশাসন। সেদিন দুপুরে জেলা প্রশাসক হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর










