করোনা মোকাবেলায় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহনের কারণেই আক্রান্তের ৪৪ দিন পার হলেও দেশ এখনো ভালো অবস্থায় রয়েছে। বাংলাদেশে করোনা রোগীর সংখ্যা ইতালি, ফ্রান্স, আমেরিকার থেকে বহুগুণ কম রয়েছে।
‘জাতীয় পুষ্টি সপ্তাহ- ২০২০’ উপলক্ষে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে যুক্ত হোন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা পরীক্ষা সংখ্যা আজ (বুধবার) হয়েছে ৩ হাজার ৯৬, গতকালও প্রায় ৩ হাজার করা হয়েছে। কিন্তু বিশ্বের অন্যান্য দেশে ৪৪ দিন পর যখন লাখ লাখ মানুষ আক্রান্ত হয়েছে, সেখানে আমাদের দেশে মোট আক্রান্ত এখন ৩ হাজার ৭৭২ জন। দেশে দৈনিক আক্রান্ত সর্বোচ্চ ৩শ থেকে ৪শ এর ঘরেই আছে।
এই ‘সফলতার’ পেছনের কারণ হিসেবে মন্ত্রী বলেন, এটি এমনি এমনি সম্ভব হয়নি। চিকিৎসক,নার্সদের জীবন বাজি রেখে লড়াই করা, স্বাস্থ্যখাতের যথাসময়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী উদ্যোগ গ্রহণ, আর একই সঙ্গে দেশের মানুষের সরকারি নির্দেশনাগুলো মেনে আত্ম-সচেতনতা বৃদ্ধির ফলেই দেশে করোনা এখনো মহা বিপর্যয়ে পৌঁছেনি। করোনায় দেশের এই বর্তমান চিত্রটি আর কিছুদিন ধরে রাখা গেলেই করোনা মহামারীকে ভালোভাবেই রুখে দেয়া সম্ভব হবে।
বর্তমান সময়ে কোনো সমালোচনায় হতাশ হয়ে না পড়ে করোনার এই দুর্যোগের সময় স্বাস্থ্যখাতের সকলকে জনগণের পাশে থেকে নিরলস কাজ করে যাওয়ারও যেতে জেলার সিভিল সার্জনসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী তার বক্তব্যের শেষ পর্যায়ে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২০ এর উদ্বোধন ঘোষণা করেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর
























