আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিহবন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমানে আমাদের দুটি যুদ্ধে লড়াই করতে হচ্ছে। একটি করোনাভাইরাস মোকাবেলা, আরেকটি সংকটের এই সময়ে দরিদ্রদের সুরক্ষা নিশ্চিত করা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধনের সময় এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আমাদের দুটো যুদ্ধ, একটা যুদ্ধ হচ্ছে করোনাকে প্রতিরোধ করা, আরেকটা যুদ্ধ হচ্ছে আমাদের গরীব মানুষদের প্রটেকশন দেওয়া। এই দুটি লড়াইয়ে আমরা লড়ে যাচ্ছি শেখ হাসিনার নেতৃত্বে।
কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সারা বাংলাদেশে ত্রাণ তৎপরতা, চালিয়ে যাচ্ছে, চিকিৎসাসামগ্রী বিতরণ করছে। সারা বাংলাদেশের জনগণের পাশে, অসহায় মানুষের পাশে আওয়ামী লীগ সর্বক্ষণ আছে।
অনেক মানুষ আছে যারা কর্ম হারিয়ে দিশেহারা, তারা কারও কাছে চেয়ে খেতে পারছে না, এইসব মানুষদের খুঁজে খুঁজে আওয়ামী লীগের নেতাকর্মীরা ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর
























