করোনা প্রাদুর্ভাবের ফলে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেনীর পেশার মানুষকে সম্প্রীতি কার্ড দেওয়ার পর এবার ১০৬ জন কওমী মাদ্রাসা শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন,পুরোহিত ও বৈষ্ণবকে খাদ্যসামগ্রী ভালবাসার সহায়তা স্বরূপ ’ সম্প্রীতি কার্ড’ দিয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রশাসন।
গত শুক্রবার (২৪ এপ্রিল) রাতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরপ্রশাসক রুহুল আমিন এ সম্প্রীতির কার্ডের মাধ্যমে এই ভালবাসার থলে উপহার দিয়েছেন । এই ‘সম্প্রীতি কার্ড’ দিয়ে একজন ব্যক্তি একবারই এই খাদ্যেসামগ্রী সহায়তা পাবে।
এ ব্যাপারে ইউএনও রুহুল আমিন জানান, হাটহাজারী উপজেলার কওমী মাদ্রাসা শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও বৈষ্ণবসহ মোট ১০৬ টি সম্প্রীতি কার্ড দেয়া হয়েছে। এই কার্ড দিয়ে প্রতিজন ১০ কেজি চাল, আধা কেজি ডাল, ১ লিটার তেল, আধা কেজি ছোলা, আধা কেজি পেয়াজ পেয়েছেন সবাই।
উল্লেখ্য, এর আগে ১০০ জন গণপরিবহন শ্রমিক, ৫০ জন ট্রাক শ্রমিক, ২৫ জন মাইক্রোবাস/কার শ্রমিক, ৪৩ জন স্বর্ণকার, ১৭ জন জেলে, ৭ জন ঋষি সম্প্রদায়, ৭ জন তৃতীয় লিঙ্গ, ১৪ জন হকার, ২৫ জন ডেকোরেশন শ্রমিক ও ১৮ জন মোমবাতি কারখানা শ্রমিককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রান ভর্তি ‘ভালবাসার থলে’ উপহার দেয়া হয়।












