ফেনী থেকে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ৭। আজ শনিবার (২৫ এপ্রিল ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানাধীন লালপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন চট্টগ্রামের আকবর শাহ থানার কর্ণেল হাটের মোঃ আনোয়ার হোসেন জামালের পুত্র আবু সুফিয়ান @ মানিক (৩০) ও কুমিল্লা জেলার নাঙ্গল কোট থানার গুমকট গ্রামের মোঃ আবুল হোসেনের পুত্র মোঃ আবু তাহের (৩৫)। সে বর্তমানে চট্টগ্রামের আকবর শাহ থানার শাহীরপাড়া গ্রামে বসবাস করেন। র্যাব-৭ এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) মোঃ মাহমুদুল হাসান মামুন এই তথ্য নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ফেনী জেলার ফেনী মডেল থানাধীন লালপুলস্থ আমানত হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে থেকে প্লাস্টিকের বস্তার ভিতরে নীল রংয়ের পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করেছে যে , তারা দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে ফেনী জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের কাছে অধিক মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০১ লক্ষ টাকা। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ আতিক












