প্রথম দিনে ২০ নমুনা নিয়ে করোনা পরীক্ষা শুরু করেছিল চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইয়েন্স বিশ্ববিদ্যালয়। তিন দিনের মাথায় মঙ্গলবার তারা ৮৮টি নমুনা পরীক্ষা করছে, টার্গেট ১৫০ নমুনা পর্যন্ত। গত ২৫ এপ্রিল থেকে এই বিশ্ববিদ্যালয়ে শুরু হয় নমুনা পরীক্ষা। তিনদিনের পরীক্ষায় তিনটি পজিটিভও রোগী পাওয়া গেছে।
প্রতিদিনের নমুনা পরীক্ষা প্রতিদিন শেষ হলেও পরীক্ষা শেষ করতে সময় নিচ্ছে প্রতিষ্ঠানটি। তবে প্রথম প্রথম এই সময় লাগাটা স্বাভাবিক। কারণ শিক্ষার্থীরা একটু অভ্যস্ত হতে সময় নিচ্ছে বলে দাবি শিক্ষকদের। এদিকে ২৫ এপ্রিল থেকে চালু হওয়া পরীক্ষার প্রথম দিনে ২০টি, ২৬ এপ্রিল ৬৭টি এবং ২৭ এপ্রিল ৪৮টি নমুনায় পরীক্ষা কার্যক্রম পরিচালনা করে এই শিক্ষা প্রতিষ্ঠানটি।কতোটি নমুনা পাওয়া গেছে জানতে চাইলে প্রতিষ্ঠানটির করোনা পরীক্ষার ইনচার্জ এবং প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. জুনায়েদ সিদ্দিকী বলেন, আমাদের নমুনা দেয়া হয় ফৌজদারহাট বিআইটিআইডি থেকে। আমরা নমুনা অনুযায়ী পরীক্ষার রিপোর্ট রাতে তাদের জমা দিয়ে দেই।
এদিকে দিন দিন ভেটেরিনারির নমুনা পরীক্ষা বাড়ছে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, আমরা একটি মেশিনে ৪০০ নমুনাও পরীক্ষা করতে পারবো। প্রতি দুই ঘণ্টায় ৯৭টি নমুনা পরীক্ষা সম্ভব। কারণ মেশিনে ছক রয়েছে ৯৭টি।
কিন্তু এই মেশিনে আসার আগে আরএনএ (মেশিনে পরীক্ষার উপযোগী করা) করতে অনেক সময় নেয়। যদি স্বেচ্ছাসেবক বেশি থাকে তাহলে এই কাজটি দ্রুত করা সম্ভব বলে প্রফেসর গৌতম বুদ্ধ দাশ জানান।
তিনি আরো বলেন, আমরা প্রতিদিন নমুনার সংখ্যা বাড়াচ্ছি। আজ ৮৮টি নমুনা পরীক্ষা করা হচ্ছে।
এদিকে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা প্রসঙ্গে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী বলেন, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রামের বাইরের জেলার নমুনা পরীক্ষা হবে। আর বাকি চট্টগ্রাম মহানগর ও জেলার নমুনা পরীক্ষা হবে বিআইটিআইডিতে। উল্লেখ্য, চট্টগ্রামে প্রতিদিন ৩৫০ টির মতো করোনা নমুনা পাওয়া যায়। কিন্তু ল্যাবের অভাবের কারণে সব পরীক্ষা করা যাচ্ছিল না। একমাত্র বিআইটিআইডির ল্যাবে ১৮৪টি পর্যন্ত সর্বোচ্চ নমুনার পরীক্ষা করা গেছে। এতে একেকটি নমুনা পরীক্ষার ফলাফল পেতে তিন থেকে চারদিন সময় লেগে যায়। এই অচলাবস্থা দূর করতে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়টির ল্যাব ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ল্যাব ব্যবহারের সিদ্ধান্ত হয়।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ













