নগরীর আগ্রাবাদ এলাকায় ট্রাকের ধাক্কায় মারাত্মক আহত হয়েছেন জামাল নামে পুলিশের এক সার্জেন্ট । গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯ টায় মিস্ত্রী পাড়ায় উল্টোদিক থেকে আসা একটি ট্রাক ও জামালের মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
আহত জামাল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) র( ট্রাফিক) বন্দর জোনে কর্মরত। গুরুতর আহত অবস্থায় ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠিয়েছে ডবলমুরিং থানার পেট্রোল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা। চালকসহ গাড়ীটি আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সার্জেন্ট জামাল ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে মিস্ত্রিপাড়া এলাকায় এলে উল্টো দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় প্রায় ২০ গজ দূরে ছিটকে পড়েন তিনি। স্থানীয় লোকের সহায়তায় ডবলমুরিং থানার মোবাইল টিম তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত প্রাথমিক চিকিৎসা শেষে জামালকে বাড়ীতে পাঠিয়েছে চিকিৎসক। সিএমপির ট্রাফিক বন্দর জোনের টিআই এডমিন মশিউর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন সার্জেন্ট জামাল বর্তমানে আশংকামুক্ত, তবে মেডিকেল থেকে রিলিজ দিলেও শরীরে ব্যথা ও পায়ে একাধিক ক্ষত রয়েছে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে, বিশ্রামে থাকতে হবে।
বিজনেস বাংলাদেশ / আতিক













