দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম করোনা ভাইরাস পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরে কন্টেইনারের স্টোর রেন্ট মওকূফের সময়সীমা ১৬ মে পর্যন্ত বর্ধিত করার জন্য নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি’র প্রতি আজ সোমবার (৪ মে) এক পত্রের মাধ্যমে আহবান জানিয়েছেন।
বর্তমান করোনা পরিস্থিতির কারণে চিটাগাং চেম্বারে অনুরোধের পরিপ্রেক্ষিতে আমদানিকারকদের কন্টেইনারসমূহের স্টোর রেন্ট শতভাগ ৫ মে পর্যন্ত মওকূফ করার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলেন-বর্তমান অচলাবস্থার কারণে আমদানিকারকগণের পক্ষে ব্যাংকের আর্থিক যোগানের অভাব, তারল্য সংকট, পরিবহন সংকট, শ্রমিক সংকট ইত্যাদির কারণে সময়মত চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারী নেওয়া সম্ভব হচ্ছে না।
পত্রে তিনি উল্লেখ করেন-কন্টেইনারসমূহের স্টোর রেন্ট শতভাগ মওকূফ করায় আমদানিকারকগণ যেসব শিপমেন্টের অরিজিনাল ডকুমেন্ট এবং ব্যাংক গ্যারান্টি কনফার্ম করতে পারছে তারা দ্রুতগতিতে ডেলিভারী নিচ্ছে। এরফলে বন্দরে আগের চেয়ে কন্টেইনারজট অনেকাংশে কমেছে।
বিভিন্ন ধরণের জটিলতার কারণে আমদানিকারকরা সময়মত পণ্য ডেলিভারী নিতে পারছেন না। তাই সরকার ঘোষিত আমদানিকৃত কন্টেইনারসমূহের স্টোর রেন্ট শতভাগ মওকূফের তারিখ আগামী ১৬ মে পর্যন্ত বর্ধিত করা হলে আমদানিকারকগণ উক্ত সময়ের মধ্যে সকল প্রকার অরিজিনাল ডকুমেন্ট ও ব্যাংক গ্যারান্টির ডকুমেন্ট সংগ্রহ করে পণ্য ডেলিভারী নিতে সক্ষম হবে এবং চট্টগ্রাম বন্দরে পণ্য ডেলিভারী স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে চেম্বার সভাপতি মনে করেন।
দেশের এই সংকটময় পরিস্থিতিতে আমদানিকারকদের বর্তমান অবস্থা বিবেচনা করে আগামী ১৬ মে পর্যন্ত কন্টেইনার ছাড়করণের ক্ষেত্রে স্টোর রেন্ট শতভাগ মওকূফযোগ্য ঘোষণা করার জন্য নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।













