জেলার সীতাকুন্ড থানাধীন মাদামবিবির হাট এলাকায় অভিযান চালিয়ে ৩২৮ বোতল ফেন্সিডিল, ১২ কেজি গাঁজা উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব–৭।
একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো–গ–৩৯–১৮৬৬) জব্দ করা হয়েছে। গত রোববার (৩ মে) রাত ১০ টার দিকে র্যাব–৭ এর একটি আভিযানিক দল সীতাকুন্ড থানাধীন মাদামবিবির হাট এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কালিকাপুর গ্রামের আবুল কাশেম এর পুত্র মোঃ আবুল কালাম (২৫), একই উপজেলার নোয়াপাড়া গ্রামের আব্দুল গফুরের পুত্র মোঃ সুজন (২০) ও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার কুমিল্লাটিলা গ্রামের মৃত আব্দুছ সোবাহানের পুত্র মোঃ ইদ্রিছ মিয়া (৩৫)। র্যাব–৭ এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার) মোঃ মাহ্মুদুল হাসান এই তথ্য নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত সংবাদের ভিত্তিতে গত ০৩ মে মাদামবিবির হাটের ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পার্শ্বে মেসার্স মিতালী আয়রণ মার্ট নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী শুরু করে।
এ সময় র্যাবের চেকপোস্টের দিকে আসা কুমিল্লা হতে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা গাড়িটিকে থামানোর সংকেত দিলে প্রাইভেটকারটি চেকপোস্টের নিকটবর্তী এসে থেমে যায় এবং উক্ত প্রাইভেটকার হতে ড্রাইভারসহ ৩ জন ব্যক্তি বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা তাদের আটক করে। পরবর্তীতে উপস্থিতিসাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করে তাদের দেখানো ও সনাক্ত মতে প্রাইভেটকারটি তল্লাশী করে প্রাইভেটকারের পিছনের বনেট এর ভিতর সুকৌশলে রক্ষিত অবস্থায় ৩২৮ বোতল ফেন্সিডিল, ১২ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবত কুমিল্লা সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৪৮ হাজার টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারের আনুমানিক মূল্য ২০ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জেলার সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।













