ভারতে পাচারকালে একটি তক্ষক প্রাণী ও মোটর সাইকেলসহ দুইজনকে আটক করেছে নওগাঁ ১৬-বিজিবি। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭,০০০/- টাকা জরিমানা করে মোটর সাইকেলসহ ছেড়ে দেয়া হয়।
নওগাঁ-১৬বিজিবির দেওয়া প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দল মঙ্গলবার রাতে জেলার নীতপুর বিওপির সীমান্ত পিলার ২১৯/১১-আর হতে আনুমানিক ৭০০গজ বাংলাদেশের অভ্যন্তরে পারঘাট নামক স্থানে এই অভিযান পরিচালনা করেন।
অভিযান চালিয়ে জেলার সাপাহার উপজেলার করমুডাংগা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে রেজওয়ান (৪৫) ও খঞ্জনপুর গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে মোঃ নুর নবী (৩০) কে ৭.৫ ইঞ্চি লম্বা, ৪০ গ্রাম ওজনের ০১টি তক্ষক এবং ০১টি মোটরসাইকেলসহ আটক করা হয়। তক্ষকটির আনুমানিক বাজার মূল্য ১০,০০০/- থেকে ১২,০০০/- টাকা ।
আটককৃত আসামীদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্য প্রাণী সংরক্ষণ আইন-২০১২ এর ৩৪ (খ) ধারা মোতাবেক মোঃ নুর নবী (৩০)কে ৫,০০০/- টাকা এবং মোঃ রেজওয়ান (৪৫)কে ২,০০০/- টাকা সর্বমোট ৭,০০০/- টাকা জরিমানা করে মোটর সাইকেলসহ ছেড়ে দেয়া হয়।
উদ্ধারকৃত তক্ষকটিকে পোরশা উপজেলা ম্যাজিষ্ট্রেট এবং বন্য প্রাণী সম্পদ কার্যালয়ের প্রতিনিধির উপস্থিতিতে গানাইর রিজার্ভ ফরেষ্টে অবমুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, তক্ষকটি পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করা হচ্ছিল।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ













