চট্টগ্রামে দুটি ল্যাবে নমুনা পরীক্ষায় চট্টগ্রামে ১৯ জনের শরীরে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুজন চিকিৎসক, তিনজন পুলিশ ও কোস্ট গার্ডের ৩ জন আছেন। এছাড়া পুরনো একজন রোগীর দ্বিতীয়বার নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আজ বুধবার দুপুরে বলেন, সিভাসুর ল্যাবে ১২২ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ১৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে নতুন শনাক্ত ১৩ জন। ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন পুরনো একজনের করোনা পজেটিভ এসেছে। নতুন শনাক্তদের মধ্যে বাঁশখালীর ২ জন, ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন একজন, বিআইটিআইডি’র একজন, দামপাড়া পুলিশ লাইনের ২ জন, কোস্ট গার্ডের ৩ জন, হাটহাজারীর ১ জন, সীতাকুণ্ডের ১ জন, সাতকানিয়ার ১ জন ও মিরসরাইয়ের ১ জন রয়েছেন।
এদিকে গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডিতে) ২৩৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট দেয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির জানিয়েছেন, ২৩৯ জনের নমুনা পরীক্ষায় চট্টগ্রামের পুরনো একজনসহ সাতজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুজন চিকিৎসক এবং একজন পুলিশ সদস্য রয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরীর নন্দনকাননের পুরুষ এবং নাসিরাবাদের নারী পেশায় চিকিৎসক। এছাড়া নগরীর দামপাড়ায় শনাক্ত হওয়া ব্যক্তি ট্্রাফিক বিভাগের উত্তর জোনে কর্মরত কনস্টেবল।















