করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে নিজের ট্রিপল সেঞ্চুরি হাঁকানো ব্যাট ও ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারানো ম্যাচের জার্সি নিলাম তোলার ঘোষণা দেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলি। যা চড়া দামে বিক্রি করে ২.২ বিলিয়ন পাকিস্তানি রুপির তহবিল গঠন করতে যাচ্ছেন তিনি।
গত সপ্তাহে পুরো পাকিস্তান দলের স্বাক্ষরসহ নিজের প্রিয় ব্যাট ও জার্সিটি নিলামে তোলার ঘোষণা দেন এই ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান। ব্যাট ও জার্সি প্রতিটির ভিত্তিমূল্য ১ মিলিয়ন পাকিস্তানি রুপি নির্ধারণ করা হয়েছিল।
গত ২৮ এপ্রিল নিলাম প্রসঙ্গে আজহার টুইটারে লিখেছিলেন, ‘চলমান সংকটের কারণে ভুক্তভোগী লোকোদের সাহায্যের জন্য আমি আমার খুব প্রিয় দুটি জিনিস নিলামে তুলতে যাচ্ছি। যার প্রত্যেকটির ভিত্তিমূল্য ১ মিলিয়ন পাকিস্তানি রুপি নির্ধারণ করা হয়েছে। এখন থেকে নিলাম শুরু হচ্ছে চলবে ৫ মে বেলা ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত’।
চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিটির জন্য সময় শেষের আগ পর্যন্ত সর্বোচ্চ ১.১ মিলিয়ন দিতে প্রস্তুত ছিলেন আমেরিকা প্রবাসী এক পাকিস্তানি। কাশ ভিলানী নামের ঐ ব্যক্তি জার্সি কিনে নিলেও ব্যাটটি কিনেছেন ভারতের ব্লেডস অফ গ্লোরি ক্রিকেট জাদুঘর। তারা নিলামের ভিত্তিমূল্যেই পেয়েছে ব্যাটটি।
এদিকে ব্যাটের সর্বোচ্চ বিডের ১০ শতাংশ অনুদান দিয়েছেন জামাল খান নামের আমেরিকা প্রবাসী এক পাকিস্তানি। ফলে সব মিলিয়ে ২.২ মিলিয়ন পাকিস্তানি রুপির তহবিল গঠিত হয়।
নিলামে বিজয়ীদের ধন্যবাদ দিয়ে আজহার টুইটারে লিখেন, ‘আমি নিলামে বিজয়ীদের নাম ঘোষণা করতে চাই, ১ মিলিয়ন রুপিতে ব্যাটটি জিতেছেন ব্লেডস অফ গ্লোরি। ক্যালিফোর্নিয়া থেকে কাশ ভিলানী পেয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিটি, তিনি জার্সির জন্য সর্বোচ্চ ১.১ মিলিয়ন পাকিস্তানি রুপি প্রদান করেছেন। তাদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই সাহায্যের হাত বাড়ানোয়। সর্বোচ্চ বিডের ১০ শতাংশ অনুদান হিসেবে দেয়ায় নিউ জার্সিতে বসবাস করা জামাল খানকেও ধন্যবাদ দিতে চাই’।

























