পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোবাশ্বের হোসেন (০৫) নামের এক শিশুকে অপহরণের পর গলাকেটে হত্যা করা হয়েছে। মোবাশ্বের উপজেলার চিলাহাটী ইউনিয়নের নায়েকপাড়া এলাকার আলম মিয়ার ছেলে। রোববার সকালে পাশের জেলা নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাপুড়ি ইউনিয়নের একটি বেত বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শনিবার রাতে অপহরনের অভিযোগে একই এলাকার আশিকুর রহমান স্বপনের ছেলে সিয়াম হােসন (১৫) নামের এক স্কুলছাত্রকে গ্রেফতার করা হয়েছে। সিয়াম হােসন মিঠু ভাউলাগঞ্জ হাজী আজহার আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে ফুপুর বাড়ি বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে শিশু মোবাশ্বেরকে বাই-সাইকেলে করে ওই বেত বাগানে নিয়ে হত্যা করে সিয়াম। এদিকে অনেক খােঁজা-খুজি করেও না পেয়ে পরদিন শনিবার দেবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন মােবাশ্বেরের বাবা আলম মিয়া। ওইদিন রাতেই পুলিশ সিয়ামকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে। পুলিশের জিজ্ঞাসাবাদে মোবাশ্বেরকে গলাকেটে হত্যার কথা স্বীকার করে সে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ডোমার থানা পুলিশের সহযোগিতায় রোববার সকালে মােবাশ্বেরের মরদেহ উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ । দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যারহস্য এখনো জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি হত্যা মামলাও দায়ের করেছেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান























