সুরক্ষিত ল্যাব (বায়োসেফটি লেভেল-৩) নিশ্চিত করে করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষা করতে চায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনুমতি ও সহযোগিতা পেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নমুনা পরীক্ষার এ কার্যক্রম দ্রুত শুরু করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আগামীকাল মঙ্গলবার (১২ মে) এ ল্যাব স্থাপনের সহযোগিতা চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিঠি দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।
তিনি বলেন, করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা পরীক্ষা করার জন্য আমরা চেষ্টা করছি। নমুনা পরীক্ষার জন্য আমাদের চারটি পিসিআর মেশিন আছে। এর মধ্যে আমরা একটি পিসিআর বিআইটিআইডিকে দিয়েছি।
বাকি তিনটা মেশিন এখনো আমাদের কাছে আছে। তিনি বলেন, প্রথমে আমাদের শিক্ষকরা নমুনা পরীক্ষার জন্য রাজি ছিলেন না। পরে যখন চট্টগ্রামে করোনা রোগী বেশি হয়ে যাচ্ছে তখন ওনারা রাজি হয়েছেন। আমরা যদি স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনুমতি এবং বায়োসেফটি (লেভেল-৩) সুরক্ষিত ল্যাব পাই তবে ক্যাম্পাসেই নমুনা পরীক্ষা করতে পারবো।
তিনি আরও বলেন, ল্যাবের জন্য আমরা জীববিজ্ঞান অনুষদের কথা চিন্তা করেছি। সেখানে দুইটা রুম খালি আছে। সেখানে আমরা গেইট আলাদা করে দিব। পিছন দিক দিয়ে গেইট করবো।
পাশাপাশি একটা পকেট গেইট থাকবে। সেখান দিয়ে যারা পরীক্ষা করবে তারা ডুকবে। অনুষদ ভবনের মেইন গেইটের সাথে এটার কোন সম্পর্ক থাকবে না।



















