চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার দুই নারীর মারা গেছেন। দুই ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এ দুইজনের মৃত্যু হয়। এদের একজন পাঁচদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আরেক নারীকে হাসপাতালে আনার পরই মৃত্যু হয়। মৃত দু’জনের মধ্যে ৩২ বছর বয়সী এক নারীর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। ৬০ বছর বয়সী আরেক নারীর বাড়ি চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, ‘গত ৮ মে হাটহাজারী থেকে ওই রোগীকে এনে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রচন্ড শ্বাসকষ্ট থাকায় তাকে শুরুতেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। অবস্থা স্থিতিশীল হওয়ার পর সোমবার আইসিইউ থেকে আইসোলেশনে নেওয়া হয়। সেখানেই গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়েছে।’
অপরদিকে নগরীর ইপিজেড এলাকার বাসিন্দা করোনাভাইরাস আক্রান্ত নারীকে মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অজ্ঞান অবস্থায়ই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন।



















