বাংলা একাডেমির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান, কেন্দ্রীয় কমিটি।
সংগঠনের সভাপতি সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন, জোবায়দা হক, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আল-আমিন মৃদুল এক শোক বার্তায় অধ্যাপক আনিসুজ্জামানের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, জাতির বিবেকসম এ মানুষটি ছিলেন মুক্তিযুদ্ধের চেতনার বাতিঘর।

ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান দেশের বরেণ্য শিক্ষাবিদ, লেখক ও গবেষক, ভাষাসংগ্রামী, মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী, সংবিধানের অনুবাদক, দেশের সব প্রগতিশীল আন্দোলনের অগ্রবর্তী মানুষ। এই ভূখণ্ডে ধর্মান্ধতা ও মৌলবাদবিরোধী নানা আন্দোলনে তার সক্রিয় ভূমিকা ছিল।
শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত গণআদালতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এই দুর্যোগময় মুহূর্তে তার চলে যাওয়া জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। তার দেশপ্রেম ও আদর্শ ভবিষ্যত প্রজন্মের পাথেয় হয়ে থাকবে। শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ
























