বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুর মহানগরীর তারগাছ এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। বৃহস্পতিবার সকালে ফ্লোরেট ফ্যাশন ওয়্যার কারখানার শ্রমিকরা এই বিক্ষোভ করে।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, এপ্রিল মাসের সরকার ঘোষিত বেতন ও ঈদ বোনাসের দাবিতে কুনিয়া তারগাছ এলাকার ফ্লোরেট ফ্যাশন ওয়্যার কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে কারখানায় সামনে বিক্ষোভ করে। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এ সময় মহাসড়কে চলাচলকারী যানবাহন আটকা পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা করছে।
পুলিশ সুপার আরো জানান, শ্রমিকদের বিষয়টি নিয়ে ওই মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে পুলিশ। এক পর্যায়ে আলোচনায় কিছুক্ষণ পরে মালিকপক্ষ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রত্যেক শ্রমিকের ফোনে বেতন-বোনাস দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬ জন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৬৭৩ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩ জন। বৃহস্পতিবার গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন জানান, সর্বশেষ গাজীপুরে ৩২৬ জনের নমুনা পরীক্ষার পর নতুন ওই ৫৬ জনের করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট আসে। নতুন আক্রান্তদের মধ্যে ৫৩ জনই গাজীপুর সদর উপজেলার, ১জন কালীগঞ্জ উপজেলার এবং ২ জন শ্রীপুর উপজেলার বাসিন্দা।
গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত গাজীপুরে ৭ হাজার ১২৪ জনের নমুনা সংগ্রহ ও পরীক্ষা সম্পন্ন হয়েছে। এর মধ্যে করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে ৬৭৩ জনের দেহে। আক্রান্তদের মধ্যে সর্বাধিক ৩৮৮ জন গাজীপুর সদর উপজেলায়। এছাড়াও কালীগঞ্জে ১১০ জন, কাপাসিয়ায় ৮০ জন, কালিয়াকৈরে ৬৩ জন এবং শ্রীপুরে ৩২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।




















