মৌসুমি বায়ু তথা বর্ষা চট্টগ্রাম পর্যন্ত অগ্রসর হয়েছে। দেশের মধ্যভাগ হয়ে পূর্বাঞ্চলের আকাশ ছেয়ে যাবে আগামী সপ্তাহে। ফলে বাড়বে বৃষ্টিপাত, কমবে গরম। বর্ষা দেশের মধ্যভাগের দিকে এগিয়ে আসায় তাপপ্রবাহের বিস্তৃতি কমে আসলেও মাত্রা কিছুটা বেড়েছে। তাপমাত্রা গত কয়েকদিনের চেয়ে বেড়ে বুধবার (১০ জুন) দাঁড়িয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিনাজপুরসহ উত্তরবঙ্গে গরম বেশি অনুভূত হলেও দেশের অন্যত্র কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি বিরাজ করছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি বর্তমানে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘণীভূত হতে পারে। বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু তথা বর্ষা চট্টগ্রাম অঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়াগত অবস্থা অনুকূলে রয়েছে। শুক্রবার নাগাদ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের পূর্বাংশে অগ্রসর হতে পারে। আর আগামী মঙ্গলবার নাগাদ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সমগ্র বাংলাদেশে বিস্তার লাভ করতে পারে। ফলে বেড়ে যাবে বৃষ্টিপাত। তখন তাপমাত্রা কমবে।





















