দুই মাসের অগ্রিম ভাড়া প্রদানে বিলম্ব হওয়ায় ফরিদগঞ্জের কলাবাগান মার্কেটের গ্রামীণ বস্ত্রালয়ের মালিককে মারধর করেছে মার্কেট কর্তৃপক্ষ।
শুক্রবার সন্ধ্যায় ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ীদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মারধরের শিকার ব্যবসায়ী আবুল হোসেন জহির।
লিখিত বক্তব্যে জহির বলেন,‘আমি ১০ লক্ষ টাকা অগ্রিম প্রদান করে মাসিক ১০,০০০ টাকা ভাড়ায় বিগত ১৪ বছর ধরে কলাবাগান মার্কেটে ব্যবসা করে আসছি। গত ৩ জুলাই শুক্রবার মার্কেট কর্তৃপক্ষ আমাকে দুই মাসের ভাড়া অগ্রীম প্রদান করতে ২০ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়ে নোটিশ প্রদান করে। আমি ২১ জুলাই অগ্রিম টাকা প্রদানের সিদ্ধান্ত নেই। ২১ তারিখে মালিক পক্ষের ফরিদ আহমেদ রিপন আমার কাছ থেকে টাকা নিতে আসেন। দোকানে ক্রেতা থাকায় টাকা প্রদানে সামান্য বিলম্বের ইচ্ছা প্রকাশ করলে তিনি আমাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। এক পর্যায়ে পাশ^বর্তী দোকান থেকে গজ (কাপড় পরিমাপের দন্ড) নিয়ে আমাকে বেদম প্রহার করেন।
মৌখিক বক্তব্যে জহির আরো বলেন,‘মালিক পক্ষের অপর একজন মিলন হোসেনকে ঘটনার বিষয় অবহিত করতে গেলে তিনিও আমাকে কলার চেপে মারধর করেন। মালিক পক্ষের আরো একজন নুরুন্নবী নোমানকে অবহিত করলে তিনি আমাকে বলেন মার খেয়ে ব্যবসা করতে পারলে করো না হয় দোকান ছেড়ে দাও।’
জহির আরো বলেন,‘মার্কেটের মালিক পক্ষ আমাকে দোকানের তিন বছর মেয়াদী চুক্তি নামা প্রদান করেছেন। চুক্তি নামার মেয়াদ এক বছর বা তার বেশী সময় থাকতেই চুক্তি ভঙ্গ করে মালিক পক্ষ আমার কাছ থেকে তিন বার অগ্রিম (এ্যাডভান্সড্) টাকা নিয়েছেন। এই মার্কেট থেকে যে সকল ব্যবসায়ী ব্যবসা গুটিয়ে চলে গেছেন তাদের অনেকের প্রদত্ত অগ্রিম টাকাও মালিক পক্ষ পরিশোধ করেননি বলে অভিযোগ করেন তিনি।
একই মার্কেটের অপর ব্যবসায়ী মোবাইল বাজারের স্বত্তাধিকারী সৌরভ হোসেন পাটওয়ারী ফরিদ আহমেদ রিপনের বিরুদ্ধে তাকে ঝাড়– পেটা করার অভিযোগ করেন। এ সময় তিনি আরো কয়েকজন ব্যবসায়ীকে মারধরের অভিযোগ করেন।
ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক ওহিদুর রহমান পাটওয়ারী বলেন,‘করোণাকালে প্রধানমন্ত্রী ভাড়াটিয়াদের প্রতি সহনশীল আচরনের আহবান জানালেও কলাবাগান কর্তৃপক্ষ সে আহবানের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছে। ভাড়া মওকুফ দূরে থাকুক উল্টো অগ্রীম টাকা প্রদানে কয়েক মিনিট সময় বিলম্বের অযুহাতে তারা ব্যবসায়ীকে মারধর করেছে। অতীতেও এ মার্কেটের অনেক ব্যবসায়ী মারধরের শিকার হয়েছেন এবং অনেকেই দোকান ছেড়ে গেলেও তারা তাদের অগ্রীম প্রদানকৃত টাকা ফেরত পাননি বলে আমরা অভিযোগ পেয়েছি।
কলাবাগান পরিবারের এ অনিয়মের বিরুদ্ধে যথাযথ ভূমিকা নিতে সরকারের দায়িত্বশীল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’ এ সময় ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ীগণ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ / ইমরান মাসুদ





















