কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে গেছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে পাবনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী বাসটি সাহেবনগরে পৌঁছে বাসটি খাদে পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।
প্রত্যক্ষদর্শী স্থানীয় সাহেবনগর গ্রামের লিপি খাতুন জানান, বেলা দেড়টার দিকে বাসটি পড়ে যায়, তখন তিনি পাশেই ছিলেন। পড়ে যাওয়ার পর তিনি কয়েকজনকে বাস থেকে বের হতে দেখেছেন।
বহলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা জানান, বাসে ১৩ জন যাত্রী ছিলো। আহত চারজনকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছেন। তাদের কুষ্টিয়া জেলারেল হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানান, বাকি যাত্রীরা বাসের গ্লাস ভেঙে বেরিয়ে গেছেন।
মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমীন জানান, খাদ থেকে বাসটিকে টেনে তোলা হয়েছে। এখানে ১৮ ফিট পানির গভীরতা রয়েছে। যদিও কোনো যাত্রীর নিহতের খবর তাদের কাছে নেই। তারপরও খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পানিতে তল্লাশি চালাবেন।
বিজনেস বাংলাদেশ / ইমরান মাসুদ






















