টাঙ্গাইলের মির্জাপুরে বন্যার পানিতে গোসল করতে নেমে ৮ম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগষ্ট) দুপুরে মির্জাপুর উপজেলার পুষ্টকামাড়ী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র মির্জাপুর উপজেলার পুষ্টকামাড়ী গ্রামের হারুনুর রশিদ পান্নার ছেলে নওশাদ করিম(১৩)।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম জানান, মির্জাপুরের পুষ্টকামাড়ী গ্রামে বন্যার পানিতে গোসল করতে গিয়ে নওশাদ করিম নামের ৮ম শ্রেণীর এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দল পানির নীচ থেকে ওই স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সে শাহিন ক্যাডেট স্কুলের মির্জাপুর শাখার ৮ম শ্রেণীর ছাত্র ছিল।




















