নওগাঁর সাপাহারে দুটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে শাহাবুদ্দীন শাহু (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাপাহার-খঞ্জনপুর সড়কের তালকুড়া ব্রীজ মোড়ের এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় অপর মোটরসাইকেলের চালক রাজিব হোসেন (২৭) গুরুত্বর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।
নিহত শাহাবুদ্দীন উপজেলার কৈকুড়ী গ্রামের সবদার আলীর ছেলে আর আহত রাজিব হোসেন একই উপজেলার আশড়ন্দ গ্রামের তমিজ উদ্দীন এর ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শাহাবুদ্দীন মোটরসাইকেল যোগে উপজেলা সদর থেকে নিজ গ্রামের বাড়ী ফিরছিলেন। ঘটনাস্থলে তালকুড়া ব্রীজ মোড়ের পৌঁছলে বিপরীত দিক থেকে রাজিব হোসেন দ্রুতগামী আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে উভয়েই গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন দেখতে পেয়ে দ্রুত তাদের দুজনকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। রাজশাহী যাওয়ার পথে রাতেই রাস্তায় শাহবুদ্দীন মারা যান। বৃহস্পতিবার সকালে শাহবুদ্দীনের মরদেহ দাফন কাফন করা হয়। অপর মোটরসাইকেল চালক রাজিব হোসেন বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















