১৪ মাস পর স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষার ফল পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সপ্তম ব্যাচের শিক্ষার্থীরা।জানা যায়, পরীক্ষা কমিটির দায়িত্ব অবহেলা, উদাসীনতা এবং খামখেয়ালিপনার কারণে পরীক্ষার প্রায় ১৪ মাস পর সোমবার (১৭ আগস্ট) তাদের ফলাফল প্রকাশিত হয়।
ফলে এক বছর মেয়াদী (দুই সেমিস্টার) এ প্রোগ্রামটি শেষ হতে সময় প্রায় আড়াই বছর লাগল।
ইংরেজি বিভাগের ¯œাতকোত্তরে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হন ৩৬ জন শিক্ষার্থী। ২০১৯ সালের ২৪ এপ্রিল ¯œাতকোত্তর ২য় সেমিস্টারে ফাইনাল পরীক্ষা শুরু করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ৭ম ব্যাচের শিক্ষার্থীরা।
ফাইনাল পরীক্ষা শেষে একই বছরের জুন মাসে ভাইভার মাধ্যমে সকল একাডেমিক কার্যক্রম শেষ হয় তাদের। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আইনে চূড়ান্ত পরীক্ষার ১০ সপ্তাহের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও বিভাগের পরীক্ষা কমিটির অবহেলার কারণে এক বছরেরও বেশি সময় পর ফলাফল দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নূরুল করিম চৌধুরী বলেন, ঈদের বন্ধের একদিন আগে বিভাগ থেকে ফলাফল জমা দেয়া হয়।
কিন্তু ফলাফলে কিছু ভুল থাকায় আমরা ২৭ জুলাই সংশোধন করে দেয়ার জন্য বিভাগের পরীক্ষা কমিটিকে বলি। তারা সংশোধন করে দেয়ার একদিন পরই আমরা রেজাল্ট প্রকাশ করি।
রেজাল্ট প্রকাশে বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমাদের আন্তরিকতার অভাব ছিলো না। বিভাগ থেকে রেজাল্ট পাওয়ার সাথে সাথেই আমরা প্রকাশ করে দিয়েছি।
ব্যাচটির পরীক্ষা কমিটির সভাপতি মোহাম্মদ আলী রেজওয়ান তালুকদারকে ফোনে ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে তিনি এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে আগ্রহী নন বলে ফোন কেটে দেন।
এ বিষয়ে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাস বলেন, শিক্ষার্থীরা আমার কাছে জানানোর পর আমি বিষয়টি নিয়ে পরীক্ষা কমিটিকে দ্রুত রেজাল্ট দিতে বলি। পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর আমাদেরকে সহযোগিতা করেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, বিলম্ব হলেও ব্যাচটির রেজাল্ট দেয়া হয়েছে। আশা করছি এ ঘটনা আর পুনরাবৃত্তি হবে না।
বিজনেস বাংলাদেশ / ইমরান




















