ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার মেয়র বিএনপি নেতা শহীদুল ইসলামকে পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নাশকতা মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় তাকে বরখাস্তের বিষয়টি প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এছাড়াও তিনি মুক্তাগাছা পৌর বিএনপির সাধারণ সম্পাদক।
মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবর্ণা সরকার জানান, বুধবার (১৯ আগষ্ট) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর শাখা-১ এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্তের কথা জানানো হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মেয়র শহীদুল ইসলামের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় অভিযোগপত্র আদালতে হয়েছে। তাই উক্ত পৌর মেয়র কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পৌর পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে। তাই স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০১৯ এর ধারা ৩১ (১) অনুযায়ী শহীদুল ইসলামকে পৌর মেয়র পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
এ ব্যাপারে শহীদুল ইসলাম বলেন, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটি পুরাতন রাজনৈতিক মামলায় বরখাস্ত করা হয়েছে। আদালতের শরণাপন্ন হবেন বলেও জানান তিনি।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















