স্ত্রী আনুশকা শর্মার বেবি বাম্পের ছবি বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে এনেছিলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। তারপর সেই খুশির খবর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সতীর্থদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি।
আনুশকার মা হতে চলার খবর জানিয়ে কোহলি লিখেছিলেন, জানুয়ারিতে বড় হতে চলেছে তাঁদের পরিবার। সেই খবর জানানোর পর বৃহস্পতিবার রাতেই দুবাইয়ের টিম হোটেলে কাটা হয়েছিল কেক। বিরাট সেই কেক খাইয়েও দিয়েছিলেন আনুশকাকে। সেখানে উপস্থিত ছিলেন আরসিবি সতীর্থরা। ইনস্টাগ্রামে সেই ছবিই এখন সাড়া ফেলেছে। হাজার হাজার লাইক হয়েছে তাতে।
২০১৩ সালে এক বিজ্ঞাপনের শুটিংয়ে আলাপ হয়েছিল বিরাট-আনুশকার। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিয়ে হয় তাঁদের। দুজনে একসঙ্গে ‘বিরুষ্কা’ নামেই পরিচিত ভক্তদের কাছে। ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে চলেছে আইপিএল। বিরাটের সঙ্গে সেখানেই রয়েছেন আনুশকা।
বিজনেস বাংলাদেশ/ প্রান্ত


























