বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার, মানবাধিকার আন্দোলনের অন্যতম নেতা, মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তম এর মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলী জানিয়ে মৌন ভ্রত পালন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দৌলতখান শাখা।
মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল চন্দ্র দাস এর সভাপতিত্বে দৌলতখান বাজারে অবস্থিত শ্রী শ্রী ঠাকুর মদন মোহন বাউজির মন্দিরের সম্মুখে বুকে কালো ব্যাজ ধারণ করে চিত্ত রঞ্জন দত্তে’র সম্মানে ৫ মিনিট মৌন ভ্রত পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পৌর ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুর রহমান বাহার, পূজা কমিটির সাধারন সম্পাদক রানা চন্দ্র রায়, সহ-সাংগঠনিক সম্পাদক সুদর্শন চন্দ্র হাওলাদার প্রমুখ।
জানা যায়, গত মঙ্গলবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৯টার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। চিত্ত রঞ্জন দত্তের জন্ম ১৯২৭ সালের ১ জানুয়ারি আসামের শিলংয়ে। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশি গ্রামে। ১৯৫১ সালে তিনি তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সিলেট অঞ্চল নিয়ে যে ৪ নম্বর সেক্টর গঠন করা হয়, সেই সেক্টরের কমান্ডার হিসাবে নিযুক্ত হন তিনি। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য চিত্ত রঞ্জন দত্ত বীর উত্তম খেতাবে ভূষিত হন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















