মৌসুমি বৃষ্টিপাতজনিত কারণে নদ-নদীর পানি বেড়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে সেপ্টেম্বর মাসে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এক মাস মেয়াদি জলবায়ু পরিস্থিতির পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ কথা জানিয়েছে।
এতে বলা হয়, সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে একটি বর্ষাকালীন নিম্নচাপে পরিণত হতে পারে।
মৌসুমি বৃষ্টিপাতজনিত কারণে সেপ্টেম্বর মাসে দেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং উত্তর-পূর্বাঞ্চলের কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এতে আরও বলা হয়, আগস্ট মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৪ দশমিক ৬০ ভাগ কম বৃষ্টিপাত হয়েছে।
ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ৪৫ থেকে ২৪ দশমিক ৬০ ভাগ কম বৃষ্টিপাত হয়েছে। তবে চট্টগ্রাম ও বরিশালে ১৮ ভাগ বেশি বৃষ্টিপাত হয়েছে।
গত ১১ আগস্ট কক্সবাজারের কুতুবদিয়ায় সর্বোচ্চ ১৮৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ মাসে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং শূন্য দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।




















