নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুল সালাত মসজিদে এসি বিস্ফোরণে ঘটনায় আইসিইউতে চিকিৎসাধীন পাঁচজনের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে। তবে তারা শংকামুক্ত নন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে সাংবাদিকদের একথা জানান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল।
তিনি বলেন, নারায়ণগঞ্জের ঘটনায় দগ্ধ যে পাঁচ জন আইসিইউতে রয়েছেন। তাদের কেউই শংকামুক্ত নন। তবে, তাদের শারীরিক অবস্থাও আগের চাইতে কিছুটা উন্নতির দিকে। কিন্তু শ্বাসনালি দগ্ধ হওয়ায় তাদের শংকামুক্ত বলা যাবে না।
ডা. পার্থ শংকর পাল বলেন, সারাবিশ্বে দগ্ধদের যে চিকিৎসাসেবা দেওয়া হয়, এখানেও একই ধরনের চিকিৎসা হচ্ছে। তাদের চিকিৎসার কোনো ঘাটতি হচ্ছে না। আপনারা জানেন যে, প্রধানমন্ত্রী সবসময় দগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতেও তিনি দগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন।
এর আগে গত ৪ সেপ্টেম্বর রাতে পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩৭ জন দগ্ধ হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এর মধ্যে গত ৪ সেপ্টেম্বর রাত থেকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পর্যন্ত ৩১ জন মৃত্যুবরণ করে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















