গাজীপুরে বোমা মেরে ব্যাংক উড়িয়ে দেয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শাপলা ম্যানশনে প্রাইম ব্যাংক থেকে ওই যুবককে আটক করা হয়।
আটক আবু বকর বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বিশারীঘাটা এলাকার সেকান্দার আলী হাওলাদারের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা বোর্ডবাজার এলাকার বেলমন্ট গার্মেন্টসের চাকরিচ্যুত শ্রমিক। তিনি বোর্ডবাজারের বটতলা এলাকায় থাকতেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. আজাদ মিয়া জানান, তিনটি পাইপের সমন্বয়ে একটি ইমপ্রোভাইস ইলেকট্রনিক ডিভাইস (আইইডি) তৈরি করা হয়েছে। এটিকে পাইপ বোমা বলা হয়। ব্যাংকে বোমা রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রথমে ব্যাংক ও মার্কেটের লোকজনের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়। পরে বোমাটি নিষ্ক্রিয় করার পদক্ষেপ নেয়া হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের পর পুরো বিষয়টি জানা যাবে।
তিনি আরো জানান, দুপুরে চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশনের দ্বিতীয় তলায় প্রাইম ব্যাংকে গ্রাহকের বেশে কালো ব্যাগে বোমাটি নিয়ে ঢোকেন আবু বকর। একপর্যায়ে তিনি ব্যাংকের ম্যানেজারের কক্ষে ঢুকে বোমা মেরে ব্যাংক উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে টাকা দাবি করেন। বিষয়টি টের পেয়ে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে বোমা বহনকারীর কাছ থেকে ব্যাগটি আলাদা করেন এবং বোমা বহনকারী ব্যক্তিকে আটক করা হয়। খবর দেয়া হলে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ১১ সদস্যের একটি বোমা নিষ্ক্রিয়কারী দল বিকেলে ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করেন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















