স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রভাবে পরিবর্তিত পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মেনে আমরা উন্নয়নকাজ আবার শুরু করেছি। সারা পৃথিবীর মতো আমাদের দেশেও অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছে। সে ক্ষতি পুষিয়ে নিতে সম্মিলিতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করছি। আশা করছি উন্নয়নকাজের স্বাভাবিকতা সহসাই ফিরে আসবে।শনিবার দুপুরে কুমিল্লা কোটবাড়ি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ৫৩তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. রেজাউল আহসানের সভাপতিত্বে বার্ড এর ময়নামতি অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তব্য রাখেন- কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন, সিরডাপ এর মহাপরিচালক ড. চার্ডস্যাক ভিরাপাত, বার্ড-কুমিল্লার মহাপরিচালক মো. শাহজাহান এবং বার্ডের পরিচালক (প্রশাসন) ও ৫৩তম পরিকল্পনা সম্মেলনের আহ্বায়ক ড. মো. শফিকুল ইসলাম প্রমুখ।
মন্ত্রী আরও বলেন, স্থায়ীভাবে দেশের দারিদ্র বিমোচনের জন্য প্রধানমন্ত্রীর স্বপ্ন প্রসূত ‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের আওতায় লালমাই-ময়নামতি প্রকল্পের মাধ্যমে কুমিল্লার লালমাই অঞ্চলের পাহাড়ি এলাকার জনগণের জীবন-জীবিকার মানোন্নয়নে বিভিন্ন কম্পোনেন্ট বাস্তবায়িত হচ্ছে। তিনি সরকারের অগ্রাধিকারভূক্ত এজেন্ডা ‘আমার গ্রাম আমার শহর’ প্রকল্প বাস্তবায়নের জন্য বার্ডকে অগ্রণী ভূমিকা গ্রহণের জন্য আহবান জানান। অনুষ্ঠানে অতিথিরা মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বার্ড কর্তৃক প্রকাশিত বিভিন্ন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। পরে মন্ত্রী লালমাই-ময়নামতি প্রকল্পের ৩৫ জন সুফলভোগীর মাঝে মোট ১০ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করেন এবং বার্ড প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
বার্ড-কুমিল্লার মহাপরিচালক মো. শাহজাহান জানান, দুই দিনব্যাপী এই পরিকল্পনা সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের উচ্চ ও মধ্য পর্যায়ের ১০৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। বার্ড বর্তমান সরকারের রাজস্ব খাতের অন্তর্ভূক্ত লালমাই ময়নামতি প্রকল্প, বার্ড ভৌত সুবিধাদি উন্নয়ন প্রকল্প, বার্ড আধুনিকায়ন প্রকল্প এবং সিভিডিপি ৩য় পর্যায়ের প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এছাড়া বার্ড নিজস্ব অর্থায়নে ১৩টি প্রকল্প বাস্তবায়ন করছে। এছাড়া লালমাই-ময়নামতি প্রকল্পের সুফলভোগীদের মধ্যে এ পর্যন্ত মোট ৪ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















