মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, পুরুষতান্ত্রিক মনোভাব ফুটিয়ে তোলার জন্য ধর্ষক ও নির্যাতনকারীরা নারীদের দুর্বল মনে করে। নারীরা দুর্বল নয়। এদেশে প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, সংসদের উপনেতা ও বিরোধীদলীয় নেতাও নারী। দক্ষতা ও যোগ্যতার সঙ্গে নারীরা বিচারক, সচিব, মেজর জেনারেল, ডিসি ও এসপি পদে দায়িত্ব পালন করছে। কোন অবস্থায়ই নারী নির্যাতন মেনে নেয়া হবে না।
তিনি আরও বলেন, নারী নির্যাতনের যে কোনো ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনী ত্বরিতগতিতে ব্যবস্থা নিচ্ছে। এ ছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কাজ করে যাচ্ছে।
বুধবার ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষ থেকে ভার্চুয়াল পদ্ধতিতে মহিলা বিষয়ক অধিদফতর আয়োজিত মতবিনিময় সভার দ্বিতীয় দিনে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর

















