করোনা পরিস্থিতির আরও অবনতি না হলে আগামী অমর একুশে গ্রন্থমেলা-২০২১ যথাসময়ে অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে আয়োজক সংস্থা বাংলা একাডেমি। তবে বর্তমান করোনা পরিস্থিতির যদি অবনতি হয় তাহলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে প্রতিষ্ঠানটি। কিন্তু এই ‘যদিতে’ আপত্তি মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থাগুলোর। প্রকাশনাগুলোর দাবি, মেলা হবে নাকি মেলা হবে না যে কোনও একটি সিদ্ধান্ত নিতে হবে বাংলা একাডেমিকে। মাঝামাঝি কোনও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। কারণ প্রকাশনা সংস্থাগুলোর অর্থলগ্নির বিষয় আছে।
বাংলা একাডেমির সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, বর্তমানে করোনার পরিস্থিতি অব্যাহত থাকলে অমর একুশে গ্রন্থমেলা-২০২১ যথাসময় অর্থাৎ আগামী ১ ফেব্রুয়ারি উদ্বোধন হবে। একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে হবে মেলা। তবে করোনারোধে স্বাস্থ্যবিধি রক্ষায় মেলার স্টল সংখ্যা গতবারের তুলনায় কমতে পারে। মেলায় আগত দর্শনার্থীদের কীভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রবেশাধিকার দেওয়া যায় তারও পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু কোনও কারণে নভেম্বর-ডিসেম্বরে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে মেলার বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বর্তমান করোনা পরিস্থিতি অব্যাহত থাকলে যথাসময়ে মেলার আয়োজন করতে কোনও বাধা থাকবে না বলে জানিয়েছেন একাডেমির কর্তারা।
রবিবার (২৫ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, এখন পর্যন্ত আমরা বলতে পারি অমর একুশে গ্রন্থমেলা-২০২১ যথাসময়েই হবে। ১ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন হবে। স্বাস্থ্যবিধি মেনেই এবারের মেলা হবে। তবে নভেম্বর-ডিসেম্বরে করোনা পরিস্থিতি যদি আরও খারাপ হয়, তখন পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
স্থপতি কবি হাবীবুল্লাহ সিরাজী আরও বলেন, বর্তমান যে পরিস্থিতি তা অব্যাহত থাকলে আগামী বইমেলা আয়োজন করতে কোনও বাধা নেই। সেই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। কীভাবে স্বাস্থ্যবিধি মেনে মেলার আয়োজন করা হবে আগামী এক মাসের মধ্যে এ নিয়ে বৈঠক করে বিস্তারিত জানানো হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর

















