‘টেকসই স্যানিটেশন এবং জলবায়ু পরিবর্তন’ এই প্রতিপাদ্য নিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব টয়লেট দিবস ২০২০।
‘স্বাস্থ্যসম্মত টয়লেট সুস্থ দেশ’ এই স্লোগানে টয়লেট ব্যবহার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে বিশ্ব টয়লেট দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভার্চুয়াল প্ল্যাটফর্মে একটি ওয়েবিনারের আয়োজন করে দিবসটি উদযাপন করা হয়।
এতে আলোচক হিসেবে অংশ নেন জাতিসংঘ ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) বিশেষ দূত ও বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ, ব্র্যাকের সিনিয়র ম্যানেজার রফিকুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রকল্প পরিচালক ও প্রধান নগর পরিকল্পনাবিদ তারিক বিন ইউসুফ, ইউনিসেফের ওয়াশ বিশেষজ্ঞ মনিরুল আলম, রেকিট বেনকিজারের মার্কেটিং ডিরেক্টর নুসরাত জাহান, এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যানেজার মো. রাকিব উদ্দিন, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার সাবরিন মারুফ তিন্নি প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- রেকিট বেনকিজারের মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ।
জাতিসংঘ ক্লাইমেট ভালনারেবল ফোরামে (সিভিএফ) বিশেষ দূত মো. আবুল কালাম আজাদ বলেন, ‘দেশে বর্তমানে ৯৭ শতাংশ মানুষ টয়লেট ব্যবহার করছে; কিন্তু যদি বলা হয় স্বাস্থ্যসম্মত টয়লেট তাহলে সংখ্যাটা অর্ধেকের নিচে নেমে আসবে। ঢাকা শহরে মোটামুটি ভালো অবস্থান থাকলেও মফস্বল শহরের অবস্থা ঠিক বিপরীত। এছাড়া ট্রেন ও লঞ্চ স্বাস্থ্যসম্মত টয়লেট ও পর্যাপ্ত পানি পাওয়া যায় না।’
ব্র্যাকের সিনিয়র ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, ‘স্যানিটেশন নিয়ে আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে। সে জায়গা থেকে নানা ধরনের উদ্যোগ নিয়ে সর্বত্র কাজ করে যাচ্ছি। এবার কাজ করছি হাওরাঞ্চল ও বন্যাকবলিত অঞ্চলের টয়লেটগুলো নিয়ে, যাতে উঁচু স্থানে স্থাপন করা হয়।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রকল্প পরিচালক ও প্রধান নগর পরিকল্পনাবিধ তারিক বিন ইউসুফ বলেন, ‘বিচ্ছিন্নভাবে শুধু টয়লেট ব্যবহার করলেই হবে না; স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে। ঢাকা শহরের টয়লেটগুলো নতুনভাবে সচেতনতার সঙ্গে পরিচালিত হচ্ছে। আমরা প্রায় সবগুলো এনজিওর সঙ্গে কাজ করে যাচ্ছি। আমাদের সামনে অনেক সমস্যা আসবে সকলে মিলে এগুলো সমাধান করতে হবে।’
বিজনেস বাংলাদেশ/ এ আর


















