২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলা কোচ আলেসান্দ্রো সাবেলা মঙ্গলবার রাতে চলে গেলেন না ফেরার দেশে। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু শোক ভুলতে না ভুলতেই আর্জেন্টাইনরা আরেক দুঃসংবাদ পেলেন।
কোচকে হারিয়ে মন কাঁদছে লিওনেল মেসিরও। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে মেসি লেখেন, “তোমার কাছে কোনো কিছু প্রকাশ করাই ছিল শান্তির।”
“তিনি ছিলেন একজন মহান মানুষ। আমার ক্যারিয়ার গড়তে ভীষণ সহায়তা করেছেন তিনি। বিশ্বকাপ বাছাই পর্ব ও বিশ্বকাপে আমাদের ফুটবলের কিছু মুহূর্ত আমরা এক সঙ্গে উপভোগ করেছি। উনার শোকার্ত পরিবারের প্রতি রইল সমবেদনা।”
সাবেলা অনেকদিন ধরেই হৃদরোগের জটিলতায় ভুগছিলেন। ম্যারাডোনার মৃত্যুর পর ব্যক্তিগত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালে যান সাবেলা। এরপর নিয়মিত চেকআপ শেষে ভর্তি হন হাসপাতালে। দীর্ঘদিন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়াইয়ে শেষপর্যন্ত হার মানতে হলো এই কোচকে।
২০১১ সালে দায়িত্ব নিয়ে তিন বছর আর্জেন্টিনা কোচের পদে ছিলেন সাবেলা। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপার খুব কাছে নিয়ে যান তিনি। ফাইনালে অবশ্য জার্মানির কাছে ১-০ গোলে হেরেছিল সাবেলার আর্জেন্টিনা। ওই ম্যাচের পর কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি। ২০১১ সালে আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে বাংলাদেশেও এসেছিলেন সাবেলা।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























