চট্টগ্রাম-৪ আসনে পরাজিত জামায়াত প্রার্থীর বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে প্রশংসায় ভাসছেন বিএনপির এক বিজয়ী প্রার্থী। তিনি হলেন- বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী আসলাম চৌধুরী। এসময় তিনি আনোয়ার সিদ্দিক’র শারীরিক খোঁজখবর নেন এবং তার সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।
গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে ফৌজদারহাটের আব্দুল্লাহ ঘাটায় অবস্থিত তার প্রধান প্রতিন্দ্বন্দ্বী জামায়াত প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরীর বাড়িতে যান। এ সময় দুই দলের নেতাকর্মীরা তাদের ঘিরে উচ্ছাস প্রকাশ করেন। শুধু তাই নয় তার বাড়িতে মিষ্টিমুখ করেন তিনি।
রাজনৈতিক সচেতল মহল বলছে, এমন প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ জাতীয় নির্বাচনের পর বিদ্বেষ-অভিযোগ না ছড়িয়ে এমন সৌহার্দ্যপূর্ণ, সম্প্রীতির পরিবেশ মানুষকে আশান্বিত করেছে। তারা হানাহানি, গীবত নয় জনগণের জন্য আগামীর বাংলাদেশ একসাথে মিলেমিশে গড়বে।
এ সময় আনোয়ার ছিদ্দিক চৌধুরী ও আসলাম চৌধুরী একে অপরের সাথে সৌজন্য সাক্ষাত করেন। পরে তারা সৌহার্দ্যপূণ্য পরিবেশে বেশ কিছু সময় ধরে ১৭ বছরের ফ্যাসিবাদী সময়ে কাটানো সময়গুলোর স্মৃতিচারণ করেন। পরে আনোয়ার ছিদ্দিক চৌধুরী আসলাম চৌধুরীকে হাত ধরে বাড়িতে নিয়ে যান এবং মিষ্টিমুখ করান।
জামায়াত প্রার্থী বলেন, আমাদের জন্য জয় পরাজয় বড় কোন ব্যাপার না। এটা নির্বাচনের দিন চলে গেছে। আমরা দুজন বড় ও ছোট ভাই। একসাথে সীতাকুণ্ডের মানুষের জন্য কাজ করব। কোন বিভেদ চাই না, সীতাকুণ্ডকে গড়তে চাই। মানুষের জন্য যেকোন কাজে আমি আসলাম চৌধুরীকে সহযোগিতা করব।
এ সময় বিএনপি নেতা আসলাম চৌধুরীও সহমত পোষন করে বলেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হলেও এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ক্ষেত্রে আনোয়ার সিদ্দিক’র সহযোগিতা কামনা করেন।
ডিএস./



















