দ্বিতীয় ধাপের মতো তৃতীয় ধাপেও পৌরসভা নির্বাচন হবে আগামী জানুয়ারি মাসে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এই ধাপে ৬৪টি পৌরসভার নির্বাচন হবে আগামী ৩০ জানুয়ারি।
সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তফসিল ঘোষণা করা হয়েছে।
তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর। যাচাই-বাছাই ৩ জানুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারি। ভোট গ্রহণের তারিখ ৩০ জানুয়ারি।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আলমগীর বলেন, তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে।
ইসি সূত্র জানিয়েছে, বর্তমানে দেশে পৌরসভা ৩২৯টি। নির্বাচন উপযোগী পৌরসভা ২৫৯টি। আগামী বছরের জানুয়ারিতে মেয়াদ শেষ হবে ১১টি পৌরসভার। ফেব্রুয়ারির মধ্যে মেয়াদ শেষ হবে ১৮৫টি পৌরসভার। মার্চে শেষ হবে ২৮ পৌরসভার মেয়াদ। এপ্রিল থেকে নভেম্বরে শেষ হবে ৩০টির মেয়াদ। এবার পৌরসভায় মেয়র পদে দলীয় এবং সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্দলীয় প্রতীকে ভোট হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























