কয়লা, তেল, গ্যাস ও কনটেইনার পরিবহনের জন্য নতুন ২৬টি জাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। এরই মধ্যে এসব জাহাজ কিনতে প্রকল্প গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিএসসি ভবনে অনুষ্ঠিত ৪৩ তম বার্ষিক সাধারণ সভায় এসব তথ্য জানিয়েছেন বিএসসির ব্যবস্থাপনা (এমডি) পরিচালক কমোডোর সুমন মাহমুদ সাব্বির।
তিনি আরো জানান, বর্তমানে পরিবহনের জন্য বিএসসির বহরের আটটি জাহাজ রয়েছে। এগুলোর সঙ্গে আরো ২৬টি জাহাজ কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জাহাজ কেনার জন্য একটি প্রকল্পও হাতে নেয়া হয়েছে। ওই প্রকল্পের আওতায় কয়লা পরিবহনের জন্য দু’টি মাদার বাল্ক, ১০টি বাল্ক ক্যারিয়ার, ক্রুড অয়েল পরিবহনের জন্য দু’টি মাদার ট্যাংকার, ডিজেল ও জেট ফুয়েল পরিবহনের জন্য দু’টি মাদার প্রোডাক্ট অয়েল ট্যাংকার, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের জন্য ছয়টি জাহাজ, কনটেইনার পরিবহনের জন্য চারটি জাহাজ কেনা হবে।
কমোডোর সুমন মাহমুদ সাব্বির জানান, ২০১৯-২০ অর্থ বছরে বিএসসির পরিচালনা আয় ছিল ২৭৯ কোটি ৯০ লাখ টাকা। অন্যান্য খাত থেকে আয় ৪২ কোটি ৯৪ লাখ টাকা। সর্বমোট আয় ৩২২ কোটি ৮৪ লাখ টাকা। পরিচালনা ব্যয় ১৭৭ কোটি ৭৩ লাখ টাকা। অন্যান্য ব্যয় হয়েছে ৬৭ কোটি ৬৩ লাখ টাকা। সর্বমোট ব্যয় হয়েছে ২৪৫ কোটি ৩৬ লাখ টাকা। নিট লাভ হয়েছে ৪১ কোটি ৪৭ লাখ টাকা।
সভায় রেকর্ড ডেট ও নিরীক্ষিত আরপিও প্রতিবেদন অনুমোদন, শেয়ার হোল্ডারদের লভ্যাংশ ও কর্মকর্তা-কর্মচারীদের মুনাফা বোনাস প্রদান প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।
সভায় শেয়ার হোল্ডারদের ২০১৯-২০ অর্থবছরে জন্য ১০ শতাংশ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত হয়। আগামী ২৩ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়। ওই সভায় আনুষ্ঠানিকভাবে এই লভ্যাংশ প্রদানের ঘোষণা দেয়া হবে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসসির পরিচালক (অর্থ) শফিউল আলম, পরিচালক (বাণিজ্য) পীযুষ দত্ত, পরিচালক (টেকনিক্যাল) ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ, সচিব খালেদ মাহমুদ প্রমুখ।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















