চাঁদপুর জেলার একেবারে দুর্গম অঞ্চল নাওভাঙা গ্রাম। এ গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর মধ্য বিতরণ করা হয়েছে শীতবস্ত্র। মতলব উত্তর উপজেলার এ দুর্গম চর অঞ্চলে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও আহসান গ্রুপ লিমিটেডের পরিচালক এম ইসফাক আহসান।
শীতবস্ত্র বিতরণের সময় এম ইসফাক আহসান বলেন, শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা।
এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত। কম্বল পেয়ে এলাকার গণি মিয়া ও আব্দুল করিম নামের দুই লোক বলেন, শীতের যে কাপড় ছিল তা দিয়ে রাতের বেলা পরিবারের সবার শীত কাটত না। এখন এই কম্বল পেয়ে ভালো হলো। সবাই মিলে আরাম করে থাকা যাবে।
গত ৬ বছর ধরে মতলবের বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ সহ নান মানবিক কর্মকাণ্ড করে আসছেন। এবার নাওভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০০ পরিবারের মধ্যে তিনি কম্বল বিতরণ করেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা শামীম ব্যাপারীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মোহনপুর পর্যটন কেন্দ্রের পরিচালক কাজী মতিন, কাচিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিপন পটোয়ারী সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

























