বাফুফে না পারলেও, নিজস্ব জিমনেশিয়াম তৈরি করে দেখিয়েছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। জিমের পাশাপাশি ফিজিও রুমও স্থাপন করেছে সাদা-কালোরা। সঠিক পরিকল্পনা আর মানসিকতা থাকলে অনেক আগেই জিম তৈরী করা সম্ভব ছিল ফেডারেশনের। বলছেন সাবেকরা। এদিন একইসঙ্গে উন্মোচন করা হয়েছে মোহামেডানের নতুন মৌসুমের জার্সি।
চতুর্থবারের মতো একই কমিটি নতুন করে নির্বাচিত হয়ে আসার পর বাফুফেতে তোড়জোড় একটা জিমনেশিয়াম স্থাপনের। গেল তিনবারে পরিকল্পনা দূরে থাক, জিম তৈরীর উদ্যোগটাও নিতে পারেনি বর্তমান কমিটি।
জিমনেশিয়াম স্থাপন যে একটা সাধারণ কাজ ছিল বাফুফের জন্য তার দৃষ্টান্ত স্থাপন করেছে মোহামেডান। নতুন ফুটবল মৌসুম শুরুর প্রাক্কালে জিমনেশিয়াম উদ্বোধন করলো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। যেখানে রাখা হয়েছে ফিজিও রুমও। ক্লাবের ফুটবলারদের পাশাপাশি মোহামেডানে প্রশিক্ষণার্থী খেলোয়াড়রাও সুযোগ পাবেন জিম ব্যবহারের।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সাবেক এবং বর্তমান ফুটবলাররা। তাদের কন্ঠে আক্ষেপ ঝরলো, এত দিনেও বাফুফের জিম তৈরীর ব্যর্থতা নিয়ে।
সাবেক ফুটবলার সাব্বির বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে ফুটবলকে এগিয়ে নেয়ার মূল কাজটা করে ক্লাবগুলো। বাংলাদেশের ক্লাবগুলো সেই ধারায় এখনো আসতে পারেনি। আর একটা জিমনেশিয়াম, ফুটবলারদের থাকার মতো একটা নির্দিষ্ট ভবন ব্যবস্থা করা বাফুফের কাজ। একটা জিমনেশিয়াম স্থাপনে বড়জোর ৩০ লাখ টাকা খরচ হতে পারে। বাফুফের জন্য এই টাকা কিছুই না। আসলে স্বদিচ্ছা থাকলে এটা অনেক আগেই সম্ভব ছিল।
স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু বলেন, ফুটবলকে এগিয়ে নিতে হলে নতুন নতুন ফুটবলার যেমন তৈরী করতে হবে তেমনি তাদের পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থাও করতে হবে। বাফুফে এই কাজ করতে ব্যর্থ হয়েছে। তাদের স্বদিচ্ছার অভাব রয়েছে। এই কমিটি যতদিন থাকবে ফুটবলের উন্নয়ন হবে না।
মোহামেডান দৃষ্টান্ত স্থাপন করেছে। জিম তৈরীসহ নানা কার্যক্রমে আমেজ ফিরেছে ক্লাব প্রাঙ্গনে। তবে ক্লাবের ঐতিহ্য ফিরবে কবে? নতুন মৌসুমে নতুন প্রত্যাশায় সাদা কালোরা। উন্মোচন করা হয়েছে জার্সি। সাবেকদের প্রত্যাশা শিগগিরই মোহামেডান নতুন জোয়ার তৈরী করবে দেশের ফুটবলে।
সাব্বির বলেন, আমরা সাবেক ফুটবলাররা মিলে চেষ্টা করেছি মোহামেডানকে নতুন করে জাগাতে। সামনে নির্বাচন, নতুন কমিটির উপর দায়িত্ব যাবে। আশা করি তারা আরো সুন্দরভাবে ক্লাবটিকে গড়ে তুলবে। গেলবারের দল নিয়েই আমরা মৌসুম শুরু করছি। এবার খুব বেশি প্রত্যাশা করা ঠিক হবে না। আগামী বছর চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়বো আমরা।
জাকারিয়া পিন্টু বলেন, স্বাধীন বাংলা ফুটবল দলে আমরা ৮ জন ফুটবলার ছিলাম মোহামেডানের। আজকে মোহামেডানের এমন অবনতি হবে কেন? তৃণমূল থেকে নতুন ফুটবলার না আসাই কারণ। আমরা সাবেকরা প্রত্যাশা রাখি এখন যে উদ্যোগ নিয়েছে বর্তমান ম্যানেজমেন্ট, তাতে মোহামেডান শিগগিরই হারানো গৌরব ফিরে পাবে।
ফিফা র্যাংকিংয়ে এগিয়ে থাকা দেশগুলোতে দেশের ফুটবল উন্নয়নে বড় ভূমিকা রাখে ক্লাবগুলো। মোহামেডানের মতো ক্লাবগুলো জেগে উঠলে আদতে প্রাণ পাবে দেশের ফুটবলই।


























