সারাদেশে সাংস্কৃতিক কার্যক্রম বাড়ালে যুব সমাজ বিপথে যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশানের মেয়র শেখ ফজলে নুর তাপস। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, ঘুড়ি উৎসবের আয়োজন পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণ ও ফিরিয়ে আনতেও একটি মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে। আর সাংস্কৃতিক কার্যক্রম গতিশীল করার অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশানের উদ্যােগে পুরো ঢাকা শহরে ঘুড়ি উৎসব আয়োজন করেছি আমরা।
আজ বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২১ নং ওয়ার্ডের উদ্যােগে আয়োজিত ঘুড়ি উৎসবে এক ভার্চুয়াল কনফারেন্সে এসব কথা বলেন তিনি। ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের উদ্যােগে এ উৎসব আয়োজিত হয়। ডিএসসিসির মেয়র বলেন, আমরা এই উৎসব ঢাকাব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি।
ঢাকা দক্ষিণ সিটির আওতায় আজকে ৭৫টি ওয়ার্ডে ঘুড়ি উৎসব করা হচ্ছে। আনন্দ উৎসবের মাধ্যমে পুরো ঢাকাবাসী তা উপভোগ করছে। তিনি বলেন, করোনা আমাদের গত মার্চ থেকে অনেক ক্ষতি করেছে। তার মধ্যেও যে আমরা উৎসব করতে জানি, আনন্দ করতে জানি, তা সাকরাইন উৎসবের মাধ্যমে আমরা বিশ্বব্যাপী জানাতে চাই। ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ বলেন, আমাদের কিশোর-তরুণ সবাই ঘুড়ি উড়িয়েছে।
কিন্তু বর্তমানে ঘুড়ি উড়ানোর সুযোগ বড় শহরে কমে গেছে। ছাদে উঠে ঘুড়ি উড়ানোর বিষয়টাও অনেকাংশে সঙ্কোচিত হয়ে গেছে। যে কারণে আমাদের তরুণরা এখন আর ঘুড়ি উড়াতে পারে না। এ সুযোগকে উন্মোচিত করে সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানোর অংশ হিসবে সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবছর ঘুড়ি ওড়ানোর আয়োজন চলমান রাখবো আমরা। উৎসবে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মতি লাল রায়, সহ সভাপতি মজুমদার মকবুল, শেরাজুল ইসলাম সহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলো।
বিজনেস বাংলাদেশ / আতিক






















