করোনাভাইরাস মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় বিএনপি প্রশংসা করতে না পারলেও বিশ্ব স্বাস্থ্যসংস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ রবিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, করোনার শুরুতে বলা হয়েছে, বাংলাদেশে হাজার হাজার মানুষ মারা যাবে। মৃত্যুবরণ করে মানুষ রাস্তায় পড়ে থাকবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন কীভাবে সংকট মোকাবিলা করতে হয়। বাংলাদেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এর মধ্যে ঢাকা আরও ঘনবসতিপূর্ণ। এই পরিস্থিতিতেও বাংলাদেশ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে। পৃথিবীর কোনো দেশ করোনাভাইরাস মহামারি থেকে রক্ষা পায়নি। বাংলাদেশও রক্ষা পায়নি, কিন্তু নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। বিএনপি এই অর্জনের প্রশংসা করতে পারে না। কিন্তু বিএনপি প্রশংসা করতে না পারলেও বিশ্ব স্বাস্থ্যসংস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে।
























