পঞ্চগড় সদর উপজেলায় সীমান্ত এলাকা থেকে ওমর ফারুক নামের এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
রোববার (১৪ ফেব্রুয়ারী) রাতে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিন পাড়া এবং ভারতের সিপাই পাড়া সীমান্ত এলাকার মেইন পিলার ৭৫৩ এর ৭ ও ৮ সাব-পিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায়।
স্থানীয়রা বলছেন, আটক হওয়া ওমর ফারুক সেখানে পুলিশ সদস্য পরিচয় দিয়েছেন। তার সাথে পঞ্চগড় জেলা পুলিশের সহকারি উপ পরিদর্শক মোশারফ হোসেনসহ আরো একজন ছিলেন। তবে এরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
স্থানীয়রা জানান, এদিন রাতে ওমর ফারুকসহ তিনজন বাংলাদেশি ভারতীয় সিপাই পাড়া এলাকায় প্রবেশ করে। সেখানে আমিরুল ও ভুট্টো নামের দুইজনের সাথে তর্কে জড়িয়ে পড়ে তারা। পরে সেখানকার লোকজন ওমর ফারুককে আটক করে বিএসএফে তুলে দেন। তবে মোশারফসহ অপরজন পালিয়ে আসে।
ভারতীয়দের বরাত দিয়ে মোমিনপাড়া এলাকার আমিরুল ইসলাম বলেন, ‘মোশারফ নামের পুলিশ সদস্য এর আগেও সিপাইপাড়া এলাকায় যাতায়াত করেছে। তিনি মাদকের সাথে সম্পৃক্ত। ঘটনার দিন মাদক নিয়েই তাদের কথা কাটাকাটি হয়।
ঘাগড়া সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার (সুবেদার) মো. রুহুল আমিন বলেন, ‘শুনেছি একজনকে বিএসএফ ধরে নিয়ে গেছে। তবে তিনি পুলিশ সদস্য কি-না নিশ্চিত নই। আর কেনই বা তিনি ভারতীয় সীমান্তে গেছেন তাও জানিনা।’
এসব বিষয় জানতে পুলিশের কারো সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ
























