১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি বিএনপি সরকারের আমলে প্রহসনের নির্বাচন ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে রংপুর মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সোমবার দুপুরে রংপুর মহানগর আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন রংপুর মহানগর ছাত্রলীগ, রংপুর মহানগর যুবলীগ, রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। পরে কাছারি বাজার জিরো পয়েন্টে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এই দেশে কখনো একতরফা নির্বাচন হতে পারে না। হলোও জনগণ তা মেনে নিবে না। অথচ ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি সরকারের নেতৃত্বে দেশে এক তরফা নির্বাচন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, দেশে সরকার নির্বাচন করা হলো জনগণের অধিকার। জনগণকে উপেক্ষা করে একতরফা নির্বাচনে নিজের প্রভাব প্রকাশ করাটা কখনোই সমর্থন করি না। বিএনপি’র সকল কর্মীদেরকে হুশিয়ারী দিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করলে আওয়ামী লীগের সকল নেতাকর্মীরা মাঠে ঝাঁপিয়ে পড়বে ও প্রয়োজনে জীবন দিবে। সভায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, রংপুর মহানগর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, রংপুর মহানগর আওয়ামী ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ এবং রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন বক্তব্য রাখেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















