আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জাতির জনক বঙ্গুবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক ও অর্থনৈতিক সূচক; সব সূচকে পাকিস্তানিকে পেছনে ফেলে এসেছি। স্বাধীনতার ৫০ তম বর্ষে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার স্বার্থকতা। আমাদের মাথাপিছু আয় ভারতের মানুষের মাথাপিছু আয়কে ছাড়িয়ে গেছে। এরই মধ্যে গত পরশু রাতে শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি অর্জন হয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে। এখন আর বাংলাদেশ দরিদ্র দেশ নয়।শেখ হাসিনার নেতৃত্বে আমাদের বাংলাদেশ উন্নয়শীল দেশে পরিণত হয়েছে।
আজ রবিবার দুপুরে আত্রাই উপজেলা চত্ত¡রে আয়োজিত উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, পাকিস্তানের প্রচার মাধ্যমগুলোতে এখন গুরুত্বর সাথে প্রচার করা হচ্ছে, সবগুলো সূচকে পাকিস্তানকে পিছনে ফেলে বাংলাদেশ এগিয়ে গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ইমরান খান যখন বলেছিলেন আগামী দশ বছরে পাকিস্তানকে সুইডেন বানিয়ে দেবেন, তখন সে দেশের মানুষ বলেছিলেন আগামী দশ বছরে সুইডেন নয়, বাংলাদেশ বানিয়ে দেন।
বিএনপি নেতাদের সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নেতাসহ সরকারের সমালোচকরা করোনা শুরুর প্রথম থেকে বলে আসছে বাংলাদেশে কোটি কোটি মানুষ আক্রান্ত হবে আর লাখ লাখ মানুষ মারা যাবে। তারা আরও বলেছিলেন সরকার করোনার টিকা আনতেই পারবে না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে করোনা পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হয়েছে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ বর্তমানে ক্ষুধামুক্ত দেশ হিসেবে পরিচিত। এদেশে ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না। সরকার বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, অসহায় গৃহহীন পরিবারের মধ্যে ঘর বরাদ্দ দিয়ে দেশে নজির সৃষ্টি করেছেন। মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানি ভাতা পর্যায়ক্রমে বৃদ্ধি করে এখন ২০ হাজার টাকা করার ঘোষণা দেয়া হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্র নাথ দত্ত দুলালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, নওগাঁ সদর আসনের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এবং আত্রাই-রানীনগর আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মালেক।
সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে নৃপেন্দ্রনাথ দত্ত দুলালকে সভাপতি ও আক্কাছ আলীকে সাধারণ সম্পাদক করে আত্রাই উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















