জামালপুর পৌরসভার রশিদপুর বাজার এলাকায় গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে ঘরে থাকা পেট্রলের ড্রামে আগুন লেগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গৃহবধূ সানজিদা আক্তার শিপরা (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী ইকরামুল হক শুভ্র (৩৩) মারাত্মক আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন। আজ রবিবার সকালে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, জামালপুর পৌরসভার রশিদপুর বাজার এলাকার পেট্রল বিক্রেতা ইকরামুল হক শুভ্র স্থানীয় মোজাম্মেল হোসেনের টিনশেড ঘর ভাড়া নিয়ে এক বছর ধরে স্ত্রী সানজিদা আক্তার শিপরা ও পাঁচ বছরের কন্যা ছয়ফাকে নিয়ে বসবাস করে আসছেন। ইকরামুলের ডিজেল-পেট্রলের দোকান তার বাসা থেকে আধাকিলোমিটার দূরে রশিদপুর বাজারে হলেও বাসায় ড্রামে করে কিছু ডিজেল ও পেট্টল মজুদ রাখতেন তিনি।
আজ রবিবার সকালে গৃহবধূ সানজিদা সিলিন্ডার গ্যাসের চুলায় রান্না করছিলেন। তার স্বামী ইকরামুলও বাসায় ছিলেন। সকাল ১০টা ৫ মিনিটের দিকে গ্যাসের চুলার সিলিন্ডারের পাইপ লিকেজ হয়ে আগুন ধরে যায়। এরপর পাশে থাকা পেট্টলের ড্রামে লেগে মুহূর্তের মধ্যে আগুন দ্রুত সারা ঘরে ছড়িয়ে পড়ে। তার দেবর রবিউল আউয়ালসহ বাড়ির অন্যান্যরা শরীর ৯০ ভাগ পুড়ে যাওয়া ইকরামুলকে টেনে বের করতে পারলেও তার স্ত্রীকে বের করতে পারেননি। ঘরে থাকা দুটি গ্যাস সিলিন্ডার অক্ষত থাকলেও বিকট শব্দে পেট্রলের ড্রাম বিস্ফোরিত হয়। ঘরের ভেতরে আটকে পড়া গৃহবধূ সানজিদা আগুনে পুড়ে অঙ্গার হয়ে মারা গেছেন। এ ছাড়া ঘরের ফ্রিজ, টিভি, খাটসহ যাবতীয় মালামাল পুড়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই সমস্ত ঘর পুড়ে ছাই হয়। ফায়ার সার্ভিস কর্মীরা গৃহবধূ সানজিদাকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। প্রতিবেশীরা তার স্বামী ইকরামুলকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে। ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে তাকে প্রথমে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















