বাংলাদেশের বাঁ-হাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে আইপিএল খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।
বিসিবির পক্ষ থেকে অনুমতি মিলে গেছে। সুতরাং, ভারতের মাল্টি বিলিয়ন ডলারের টুর্নামেন্ট আইপিএলে খেলতে আর কোনো বাধা রইলো না মোস্তাফিজের সামনে। এবারের আইপিএল নিলাম থেকে মোস্তাফিজকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।
কিছুদিন আগেই কেকেআরের হয়ে আইপিএল খেলার জন্য বিসিবির কাছ থেকে ছুটি নিয়ে নেন সাকিব আল হাসান। একই সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে টেস্ট সিরিজ। সাকিব সেই সিরিজ বাদ দিয়ে খেলবেন আইপিএল। যা নিয়ে তুমুল সমালোচনা বাংলাদেশে।
এমন পরিস্থিতিতে মোস্তাফিজ আইপিএল খেলবেন কি না তা নিয়ে ছিল সংশয়। যদিও মোস্তাফিজ আগেই জানিয়ে দিয়েছিলেন, তার কাছে আইপিএলের চেয়ে দেশ বড়।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মিডিয়াকে জানিয়েছেন, মোস্তাফিজকে ছাড়পত্র দেয়ার বিষয়টি। তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে মোস্তাফিজ টেস্টের পরিকল্পনায় নেই। এই কারণে আমরা তাকে আইপিএলের জন্য অনাপত্তিপত্র দিয়েছি। সেখানে (ভারতে) খেলা তার জন্য ভালো হবে, আরও কিছু অভিজ্ঞতা হবে।’
বিজনেস বাংলাদেশ/ এ আর

























