লিথুনিয়াকে হারিয়ে ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল ইতালি। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা জিতল ২-০ গোলে।
ম্যাচের শুরু থেকেই একচেটিয়া বল দখলে রেখে আক্রমণ করে যায় ৪ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ফরোয়ার্ডদের ভুলে এগিয়ে যাওয়া হয়নি ইতালিয়ানদের। একের পর এক আক্রমণ সব ভেস্তে গেছে লিথুনিয়ান গোলকিপারের মুন্সিয়ানায়।
প্রথমার্ধ্বে কোনো গোলের দেখাই পায়নি আজ্জুরিরা। বিরতি থেকে ফিরে এসে কৌশল বদলায় মানচিনি বাহিনী। ফলও আসে দ্রুত। ৪৭ মিনিটে ইতালিকে এগিয়ে দেন স্টেফানো সেনসি। ম্যানুয়েল লোকাটেল্লির অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন ইন্টারমিলানের এই মিডফিল্ডার।
এই এক গোলেই বদলে যায় খেলা। গোল শোধের আপ্রাণ চেষ্টা চালায় স্বাগতিকরা। কিন্তু মানচিনির গোলরক্ষককে বোকা বানাতে পারেননি কেউই। উলটো ম্যাচের একদম অন্তিম মুহূর্তে আরো এক গোল করে ইতালি।
স্পট কিক থেকে স্কোরশিটে নাম লেখান চিরো ইমোবিল। ২-০র জয় পায় ইতালি। এ জয়ে সি গ্রুপের শীর্ষেই রইলো আজ্জুরিরা। তিন ম্যাচে তাদের পয়েন্ট ৯ । দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সুইজারল্যান্ড।

























