শেরপুরের শ্রীবরদী উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে মাহবুবুর রহমান বিপ্লব (৩৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই যুবক কর্ণঝােড়া এলাকার মাে: হারুন মিয়া ওরফে হারুন গাড়িয়ালের ছেলে।
বুধবার (৩১ মার্চ) বিকালে উপজেলার ১ নম্বর সিংগাবরুনা ইউনিয়নের হারিয়াকোনা এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনায় সন্তানকে দ্রুত সুস্থ অবস্থায় ফেরত চাচ্ছে যুবকের পরিবার।
বিপ্লবের পিতা হারুন মিয়া জানান, বুধবার সকালে আমার ছেলে কয়েকজন দিনমজুরকে নিয়ে ভারতীয় সীমান্তে সবজি ক্ষেতে কাজ করছিলো। কে বা কারা সীমান্তের তাঁরকাটা কেটে ফেলেছে। আর তাই হঠাৎ বিএসএফ এসে আমার ছেলেকে আটক করে নিয়ে গেছে। পরবর্তীতে আমরা বিজিবিকে সংবাদ দিলে তারা বিএসএফ’র সাথে কথা বলে। কিন্তু আমার ছেলেকে তারা ফেরত দেয়নি।
এ ঘটনায় শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে: মােখলেছুর রহমান বলেন, আমরা শুনেছি বিপ্লব নামে একজন বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ।
তবে, বিজিবির পক্ষ থেকে সুনির্দিষ্ট বা রেকর্ড কোন বক্তব্য না পাওয়া গেলেও তারা মুঠোফোনে জানিয়েছেন, ৩৯ বিজিবি ময়মনসিংহ’র অধিনে কর্নঝােড়া বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন শেষে বিএসএফ’র সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















