বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এম এ গফুর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। শুক্রবার ভোর ৪টার দিকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সকালে করোনাভাইরাস আইসোলেশন হাসপাতালের তত্বাবধায়ক ডা. এসএম নূরুন নবী তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। বাদ জুমা রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড় তেঁতুলতলা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর দাফনকার্য নগরীর নূরপুর বড় কবরস্থানে তার সম্পন্ন করা হয়েছে। সাবেক এই ফুটবলার ও ক্রীড়া সংগঠক এম এ গফুর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) রংপুর বিভাগীয় ডিলার সমিতির সভাপতি ছিলেন। তিনি জেলা ক্রীড়া সংস্থার সাবেক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালকও ছিলেন। চলতি মাসের ২ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এম এ গফুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫ এপ্রিল তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। ওই দিন তাকে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ দুই সন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এম এ গফুর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা থেকে ষাট দশকে রংপুরে এসে নগরীর করণজাই রোড নিউসেনপাড়া এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এদিকে রংপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৫ জনে। জেলায় বৃহস্পতিবার নতুন করে আরও ২৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রংপুর জেলায় করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগী ৪ হাজার ৩৯৯ জন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















