দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে চট্টলার জায়ান্টরা। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের শুরুতেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কাছে হেরেছিল চট্টগ্রাম আবাহনী। তবে বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনী ১-০ গোলে হারিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘকে।
গোলশূন্য প্রথমার্ধ শেষ হওয়ার পর ৭৯ মিনিটে গোলের দেখা পায় চট্টগ্রামের আকাশী-নীলরা। গোল করেন দলের অধিনায়ক আইভরিকোস্টের চার্লস দিদিয়ের।
ব্যবধান দ্বিগুণের সূবর্ণ সুযোগ পেয়েছিল চট্টগ্রাম আবাহনী। কিন্তু পেনাল্টি পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। দিদিয়েরের শট ফিরে আসে ক্রসবারে লেগে।
এ জয়ে ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলে আগের সাত নম্বরেই চট্টগ্রাম আবাহনী। অন্য দিকে সবার নিচে থাকা আরামবাগ ক্রীড়া সংঘের ১৩ নম্বর পরাজয়। ১ পয়েন্ট তাদের। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত জয় না পাওয়া একমাত্র দলটি আরামবাগ ক্রীড়া সংঘ।

























